ছক্কায় ফিফটি তানজিদের, বাংলাদেশের ১০০

John Smith | আপডেট: ২০ এপ্রিল ২০২৬, ৫:১৯ বিকাল

বাংলাদেশের রান ১০০ ছাড়াল বাংলাদেশ: ১৭ ওভারে ১০৫/২ ৪৪ বলে ৫৯ রানে অপরাজিত তানজিদ। ৪২ বলে ২৭ রানে অপরাজিত নাজমুল হোসেন। বাংলাদেশের দরকার ৯৪ রান।

তানজিদের ফিফটি
বাংলাদেশ: ১৫ ওভারে ৯৫/২

ছক্কায় ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি করলেন তানজিদ হাসান। ১৯৯ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে এই ওপেনার ফিফটি করেছেন ৩৩ বলে।

দারুণ ছন্দে থাকা এই ওপেনার সর্বশেষ পাকিস্তান সিরিজের শেষ ওয়ানডেতে সেঞ্চুরি পেয়েছিলেন। সেই সিরিজের প্রথম ম্যাচে খেলেছিলেন ৬৭* রানের ইনিংস।

জুটির ফিফটি
বাংলাদেশ: ১৩ ওভারে ৭৮/২। লক্ষ্য: ১৯৯।

তানজিদ–নাজমুলের জুটিতে তিন অঙ্কের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে দুজনের তৃতীয় উইকেটে পঞ্চাশের বেশি রান উঠেছে।

২১ রানে দ্বিতীয় উইকেট পতনের পর নামা নাজমুল ৩১ বলে ২০ রানে ব্যাট করছেন। ওপেনিংয়ে নামা তানজিদের রান ৩০ বলে ৩৯।

বাংলাদেশের ৫০
বাংলাদেশ: ৭ ওভারে ৫১/২। লক্ষ্য: ১৯৯।

রান তাড়ায় সাত ওভারেই পঞ্চাশ ছুঁয়ে ফেলেছে বাংলাদেশ। চার ওভারের মধ্যে দুই উইকেট পড়ে গেলেও এরপর প্রতি ওভারেই বাউন্ডারি মেরেছেন তানজিদ–নাজমুলরা। সপ্তম ওভারের টিকনারের শেষ বলে তানজিদের বাউন্ডারিতে পূর্ণ হয়েছে দলের ফিফটি।

ছক্কার পরই আউট
বাংলাদেশ: ৪ ওভারে ২১/২। লক্ষ্য: ১৯৯।

ছক্কার পরই আউট হয়ে গেলেন সৌম্য। এবার ও’রুর্কের শর্ট ডেলিভারি আপার কাটে স্লিপের ওপর দিয়ে পার করাতে চেয়েছিলেন। বল ওপরে উঠে তৃতীয় স্লিপে ফক্সক্রফটের হাতে সহজ ক্যাচ। ১১ বলে ৮ রানে শেষ সৌম্যর ইনিংস।

বাংলাদেশ ২১ রানে হারাল দ্বিতীয় উইকেট। চারে নেমেছেন নাজমুল হোসেন, সঙ্গে আছেন ওপেনার তানজিদ হাসান।

সৌম্যর ছক্কা
উইলিয়াম ও’রুর্কের বলে দুর্দান্ত একটি ছক্কা মেরেছেন সৌম্য সরকার। অফ স্টাম্পের বাইরের ফুল লেন্থের ডেলিভারিতে সুইপার কাভার দিয়ে উড়িয়েছেন তিনি।

সাইফ আউট প্রথম ওভারেই
বাংলাদেশ: ১ ওভারে ৮/১। লক্ষ্য: ১৯৯।

প্রথম ওভারেই উইকেট হারাল বাংলাদেশ। নাথান স্মিথের ওভারের শেষ বলে বোল্ড হয়েছেন সাইফ হাসান। ভেতরে ঢোকা বলটি পর্যাপ্ত ওঠেনি, সাইফও ব্যাট নামাতে সময় নিয়েছেন বেশি।

আউটের আগে ওভারের প্রথম ও তৃতীয় বলে দুটি চার মেরেছেন সাইফ। ফিরেছেন ৬ বলে ৮ রান নিয়েই।

নতুন ব্যাটসম্যান সৌম্য সরকার, সঙ্গে তানজিদ হাসান।

১৯৮ রানে থামল নিউজিল্যান্ড
শেষ উইকেটটা নিলেন তাসকিন আহমেদ। তবে কৃতিত্বের অর্ধেক তাওহিদ হৃদয়েরও। লং অনে দৌড়ে গিয়ে ডাইভে দারুণ ক্যাচ নিয়েছেন। নিউজিল্যান্ডের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন উইলিয়াম ও’রুর্ক (১১ বলে ৬)।

পুরো পঞ্চাশ ওভার খেলতে পারেনি কিউইরা। অলআউট হয়েছে ৪৮.৪ ওভারে, স্কোরবোর্ডে ১৯৮ রান।

আগের ম্যাচে প্রথমে ব্যাট করে ২৪৭ রান করেছিল নিউজিল্যান্ড। আজ যে দুই শ রানও হয়নি, তাতে মূল অবদান বাংলাদেশের পেসারদের। নাহিদ রানা একাই নিয়েছেন ৩২ রানে ৫ উইকেট। নাহিদের মতো ১০ ওভার বল করে ৩২ রানের বেশি খরচ করেননি শরফুলও, তিনি নিয়েছেন দুই উইকেট। অন্য তিন উইকেট তাসকিন, সৌম্য ও রিশাদের একটি করে।

নিউজিল্যান্ডের ইনিংসে রান বলতে গেলে একা নিক কেলিই করেছেন। বাঁহাতি এ ওপেনার খেলেছেন ৮৩ রানের ইনিংস। অন্য কোনো ব্যাটসম্যান ২০ রানের ঘরেও যেতে পারেননি, দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান পাঁচে নামা মুহাম্মদ আব্বাসের।

সিরিজের প্রথম ওয়ানডের মতো আজও প্রথম ইনিংস শেষ হতে বেশি সময় লেগেছে। ম্যাচের প্রথম ইনিংস শেষ হওয়ার কথা আড়াইটার ভেতরে, কিন্তু ৮ বল আগে নিউজিল্যান্ড অলআউট হওয়ার পরও ৪৫ মিনিট সময় বেশি লেগেছে।

নাহিদের ৫ উইকেট 
নিউজিল্যান্ড: ৪৫.৩ ওভারে ১৮৩/৯

উইকেট নাম্বার পাঁচ!

জেডেন লেনক্সকে বোল্ড করে ইনিংসে পাঁচ উইকেট পূর্ণ করলেন নাহিদ রানা। এটি ওয়ানডেতে তাঁর দ্বিতীয় পাঁচ উইকেট।

গত ১১ মার্চ পাকিস্তানের বিপক্ষে এই মিরপুরেই পেয়েছিলেন ২৪ রানে ৫ উইকেট।

অষ্টম উইকেট হারাল নিউজিল্যান্ড
নিউজিল্যান্ড: ৪৪.৫ ওভারে ১৮৩/৮

শরীফুলের স্লোয়ার ডেলিভারিতে ক্যাচ দিয়েছেন টিকনার (১১ বলে ১২ রান)। মিড উইকেট বাউন্ডারিতে ক্যাচ নিয়েছেন বদলি ফিল্ডার আফিফ।

নাহিদের চতুর্থ উইকেট
নিউজিল্যান্ড: ৪২.১ ওভারে ১৬৪/৭

আবারও ওভারের প্রথম বলে উইকেট নিলেন নাহিদ রানা। তাঁর শর্ট ডেলিভারিতে স্কয়ার লেগের মিরাজের হাতে ক্যাচ দিয়েছেন ফক্সক্রফট (৩৫ বলে ১৫ রান)।

এ নিয়ে ওভারের প্রথম বলে তৃতীয় উইকেট পেলেন রানা, সব মিলিয়ে চতুর্থ। ১৬৪ রানে সপ্তম উইকেট হারাল নিউজিল্যান্ড।

রিশাদ স্ট্রাইকস!
নিউজিল্যান্ড: ৩৭.৫ ওভারে ১৫২/৬

টানা দ্বিতীয় ওভারে উইকেট পেল বাংলাদেশ। রিশাদের বলে আউট হয়েছেন ক্লার্কসন। ব্যাকওয়ার্ড পয়েন্টে সহজ ক্যাচ নিয়েছেন মিরাজ। এক ওভার বল করে সরে যাওয়া রিশাদ ফিরেই পেলেন উইকেটের দেখা।

 

Your experience on this site will be improved by allowing cookies.