বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে, বললেন স্মিথ

আহমেদ ফারুক | আপডেট: ১৬ আগস্ট ২০২৬, ৪:৩৮ দুপুর

দ্বিতীয় ইনিংসে আউট হওয়ার পর স্মিথ | এএফপি

একবার অস্ট্রেলিয়ার দিক থেকে ভাবুন। বাংলাদেশের কাছে হার বলে কথা! কেন এমন হলো?

৯ উইকেটে হারের পর স্টিভ স্মিথ সোজাসাপটাই বললেন, বাংলাদেশই অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছে। অস্ট্রেলিয়ার খারাপ খেলার চেয়ে স্মিথ বাংলাদেশের ভালো পারফরম্যান্সকেই গুরুত্ব দিচ্ছেন।

এবিসি স্পোর্টকে হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে স্মিথ বলেন, ‘হারের কারণটা খুবই সরল। বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে।’

স্মিথ মনে করেন, ম্যাচের প্রথম দিন সকালেই পার্থক্য গড়ে দেয় বাংলাদেশ। দারুণ বোলিং করেন বাংলাদেশের পেসাররা। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা সেই চাপ সামলাতে পারেননি। স্মিথ বলেন, ‘প্রথম দিন সকালে বাংলাদেশ দারুণ বোলিং করেছে। তারা খুবই ডিসিপ্লিনড ছিল। আমাদের ব্যাটসম্যানরা ততটা ডিসিপ্লিনড ছিল না।’

prothomalo-bangla%2F2026-08-16%2F21v0q57z%2FAfter-Win-against-1st-test-against-Australia-in-Darwin1.jpg?w=622&auto=format%2Ccompress&fmt=avif

জয়ের পর লিটনদের সেলফি | শামসুল হক

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা অবশ্য ভালো করেছেন। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। প্রথম ইনিংসে বাংলাদেশের লিডই হয়ে দাঁড়ায় বড় পার্থক্য। স্মিথের ভাষায়, ‘দ্বিতীয় ইনিংসে আমাদের ব্যাটসম্যানরা ভালো করেছে। তবে প্রথম ইনিংসের লিডটা অনেক বেশি ছিল, সেটা আমাদের নাগালের বাইরে ছিল। উইকেট যদিও ভালো ছিল। অনেকে ভালো শুরু পেয়েছিল, তবে ইনিংস বড় করতে পারেনি।’

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি পেয়েছেন ক্যামেরন গ্রিন। কিন্তু তাঁকে যোগ্য সঙ্গ দিতে পারেননি সতীর্থরা। স্মিথ বলেন, ‘গ্রিন দারুণ একটা সেঞ্চুরি করেছে, তবে তাকে সঙ্গে দেওয়ার লোক ছিল না। টেস্ট জিততে কমপক্ষে ২০০–এর বেশি রানের লক্ষ্য দেওয়া দরকার ছিল। আর যেটা আগেই বললাম, আমাদের বাংলাদেশ উড়িয়ে দিয়েছে।’

স্মিথ অবশ্য এই হারকে খুব বড় করে দেখতে চাচ্ছেন না, ‘আমরা অনেক দিন ধরে ধারাবাহিক ক্রিকেট খেলছি। এই সপ্তাহটাই শুধু খারাপ গেছে। হ্যাঁ, আমরা অনেক কিছু ভালো করতে পারতাম। তবে বাংলাদেশ যেভাবে খেলেছে, তাদের কৃতিত্ব দিতে হবে।’
 

Your experience on this site will be improved by allowing cookies.