“Awareness Building and Prevention of Adolescent Pregnancy” শীর্ষক এ অনুষ্ঠানে রোটারিয়ান, অভিভাবক ও শিশুদের অংশগ্রহণে প্রাণবন্ত আলোচনা, প্রশ্নোত্তর ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিপি রোটারিয়ান নাবেগাহ দুর্দানা। তিনি কিশোরী মাতৃত্বের কারণ, এর স্বাস্থ্যগত ও সামাজিক ঝুঁকি এবং প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও নীতিনির্ধারকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে ডা. সুমনা হক বলেন, কিশোরী মাতৃত্ব রোধে পরিবারে সচেতনতা, সঠিক স্বাস্থ্যশিক্ষা এবং মা-বাবার ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কিশোর-কিশোরীদের জন্য প্রজনন স্বাস্থ্য ও জীবনদক্ষতা শিক্ষা নিশ্চিত করার আহ্বান জানান।

আয়োজকদের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে প্রায় ২৪ জন রোটারিয়ান এবং প্রায় ৫০ জন মা ও তাঁদের সন্তান অংশগ্রহণ করেন। উন্মুক্ত প্রশ্নোত্তর, অভিজ্ঞতা বিনিময় ও মতামত প্রদানের মাধ্যমে অংশগ্রহণকারীরা বিষয়টি সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করেন।
বক্তারা বলেন, বাংলাদেশে কিশোরী মাতৃত্ব এখনো একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য ও সামাজিক সমস্যা। শিশুবিবাহ, দারিদ্র্য, লিঙ্গ বৈষম্য, প্রজনন স্বাস্থ্য বিষয়ে সঠিক জ্ঞানের অভাব এবং স্বাস্থ্যসেবায় সীমিত প্রবেশাধিকার এর অন্যতম কারণ। এর ফলে মা ও নবজাতকের স্বাস্থ্যঝুঁকি বাড়ার পাশাপাশি অনেক কিশোরীর শিক্ষা, স্বপ্ন ও ভবিষ্যৎ বাধাগ্রস্ত হয়।
অনুষ্ঠানে সচেতন পরিবার গঠন, শিশুবিবাহ প্রতিরোধ, মানসম্মত শিক্ষা এবং কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও জীবনদক্ষতা শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে একটি সুস্থ, নিরাপদ ও সম্ভাবনাময় প্রজন্ম গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানের শেষে রোটারি ক্লাব অব শান্তিনগর ঢাকার পক্ষ থেকে বক্তাবৃন্দ, অংশগ্রহণকারী অভিভাবক এবং আয়োজন সফল করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।