ওমান উপসাগরে ইরানি জাহাজ জব্দের বিষয়ে কী বলছেন ট্রাম্প

John Smith | আপডেট: ২০ এপ্রিল ২০২৬, ৫:০৫ বিকাল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফাইল | ছবি: রয়টার্স

হরমুজ প্রণালির কাছে একটি ইরানি পতাকাবাহী জাহাজ জব্দ করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে এগিয়ে যাওয়ার সময় জাহাজটি আটক করা হয় বলে গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান তিনি।

ট্রাম্প বলেন, ওমান উপসাগরে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ‘তুসকা’ নামের জাহাজটিকে থামার নির্দেশ দেয়। কিন্তু জাহাজের ক্রুরা তা মানতে অস্বীকার করলে মার্কিন নৌবাহিনী ইঞ্জিন কক্ষে গোলা ছুড়ে জাহাজটি থামিয়ে দেয়। পরে মেরিন সেনারা জাহাজটি নিজেদের হেফাজতে নিয়ে তল্লাশি চালান।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, জাহাজটি ইরানের বন্দর আব্বাসের উদ্দেশে যাচ্ছিল। ইঞ্জিন কক্ষ খালি করতে টানা ছয় ঘণ্টা বারবার সতর্ক করা হলেও জাহাজটি তা উপেক্ষা করে।

এ ঘটনার প্রতিক্রিয়ায় আজ সোমবার ভোরে ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে বলেছে, চীন থেকে ইরানগামী একটি বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।

ইরানের খাতাম আল আম্বিয়ার মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইরানের সশস্ত্র বাহিনী শিগগিরই মার্কিন সামরিক বাহিনীর এই সশস্ত্র জলদস্যুতার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে।’

বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ১৩ এপ্রিল থেকে ইরানের বন্দরগুলোতে যাতায়াতকারী জাহাজের ওপর মার্কিন অবরোধ এবং জবাবে ইরানের পাল্টা হুমকিতে গুরুত্বপূর্ণ এই জলপথে চরম উত্তেজনা বিরাজ করছে।

গতকাল ইরানের কর্মকর্তারা স্পষ্ট জানিয়ে দেন, মার্কিন অবরোধ বহাল থাকলে হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না। ইরানের পার্লামেন্টে স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, ‘আমরা নিজেরা যখন পার হতে পারছি না, তখন অন্যদের জন্যও এই প্রণালি উন্মুক্ত থাকবে না।’

prothomalo-bangla%2F2026-04-18%2Fggxdk67g%2FShip.jpg?w=1536&auto=format%2Ccompress&fmt=webp

হরমুজ প্রণালিতে অবস্থানকারী একটি জাহাজ ছবি: রয়টার্স ফাইল ছবি

ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে গত শুক্রবার ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইরান এই জলপথ আবার খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিল। কিন্তু ট্রাম্প ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ প্রত্যাহার না করায় ২৪ ঘণ্টা না পেরোতেই তেহরান আবার প্রণালিটি বন্ধ করে দেয়।

গত শনিবার পারস্য উপসাগরে জাহাজ চলাচল কিছুটা স্বাভাবিক হলেও গতকাল থেকে তা আবার থমকে যায়। জাহাজে গুলি চালানো ও ফিরিয়ে দেওয়ার ঘটনার পর অধিকাংশ নৌযান যাত্রা স্থগিত রেখেছে।

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ বন্ধের লক্ষ্যে আজ মার্কিন প্রতিনিধিদের পাকিস্তানের ইসলামাবাদে আলোচনায় বসার কথা। এই আলোচনায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আশা ছিল। তবে ট্রাম্পের জাহাজ জব্দের ঘোষণা উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দ্বিতীয় দফার এই আলোচনায় অংশ নেওয়ার বিষয়ে তেহরান এখনো কোনো সম্মতি দেয়নি।

Your experience on this site will be improved by allowing cookies.