লজিক অলিম্পিয়াডের গ্লোবাল রাউন্ডে দ্বিতীয় হলো কিঞ্জল নাগ

John Smith | আপডেট: ৩০ এপ্রিল ২০২৬, ৮:৫৮ সকাল

কিঞ্জল নাগ দিব্য | ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক লজিক অলিম্পিয়াড (আইএলও)-২০২৬ এর গ্লোবাল রাউন্ডে দ্বিতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের শিক্ষার্থী কিঞ্জল নাগ দিব্য। সে ঢাকার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

অলিম্পিয়াডে এবার বিশ্বের ৪২টি দেশের শিক্ষার্থীরা প্রাইমারি, জুনিয়র ও সিনিয়র—এই তিন বিভাগে অংশ নেয়। প্রথমে ন্যাশনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। ওই ধাপ পেরিয়ে ১২টি দেশের শিক্ষার্থীরা গ্লোবাল রাউন্ডে অংশ নেওয়ার সুযোগ পায়।

২৬ এপ্রিল অনুষ্ঠিত গ্লোবাল রাউন্ডে মোট ৪৭ জন প্রতিযোগী ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করে। তাদের মধ্যেই একমাত্র বাংলাদেশি হিসেবে কিঞ্জল নাগ দিব্য অংশ নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করে।

প্রতিযোগিতায় শুধু শীর্ষ তিনজনের নাম প্রকাশ করা হয়েছে। আইএলও-২০২৬-এর প্রশ্নপত্র শিগগির তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এবারের ফাইনাল রাউন্ডের প্রশ্ন ছিল বেশ চ্যালেঞ্জিং—এমনটাই দাবি আয়োজকদের। প্রতিযোগিতায় অংশ নেওয়া সব শিক্ষার্থী ও ৪৭ জন ফাইনালিস্টকে অভিনন্দন জানিয়েছেন আয়োজকেরা।

Your experience on this site will be improved by allowing cookies.