জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের নেতৃত্বে জকসুর জিএস ও শিক্ষা সম্পাদক

John Smith | আপডেট: ২১ এপ্রিল ২০২৬, ৯:৫৩ সকাল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের বাকি সময়ের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ।

আর সাধারণ সম্পাদক (সেক্রেটারি) হিসেবে দায়িত্ব পেয়েছেন জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল।

গত রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শাখা সদস্যদের নিয়ে আয়োজিত এক সমাবেশে এই নতুন কমিটি ঘোষণা করা হয়। ছাত্রশিবিরের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মু. মু’তাসিম বিল্লাহ শাহেদীর সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সদস্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত আব্দুল আলিম আরিফকে সভাপতি হিসেবে ঘোষণা করা হয় এবং তাঁকে শপথবাক্য পাঠ করানো হয়।

পরবর্তী সময়ে সংগঠনের সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি আব্দুল আলিম আরিফ শাখা সেক্রেটারি হিসেবে ইব্রাহিম খলিলকে মনোনীত করেন। নবনির্বাচিত সভাপতি আব্দুল আলিম বর্তমানে জকসুর জিএস এবং সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Your experience on this site will be improved by allowing cookies.