ইউক্রেনে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৬

John Smith | আপডেট: ১৯ এপ্রিল ২০২৬, ১০:৫৩ দুপুর

ইউক্রেনের রাজধানী কিয়েভে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১৫ জন।

গতকাল শনিবার কিয়েভের দক্ষিণাঞ্চলে হলোসিভস্কি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহর কলিমেনকো। তিনি বলেন, এক ব্যক্তি রাস্তায় নেমে লোকজনের ওপর গুলি চালাতে থাকেন। এরপর অন্যদের জিম্মি করে কাছের একটি সুপারমার্কেটে নিয়ে যান।

পরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ওই সুপারমার্কেটের ভেতরে হামলাকারী নিহত হন। এই হামলার কারণ অজানা বলে উল্লেখ করেছেন ইহর কলিমেনকো। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসচকো জানিয়েছেন, আহত ব্যক্তিদের মধ্যে এক শিশুসহ ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ব্যক্তিদের মধ্যে একজন নারী রয়েছেন। এদিকে হামলাকারী ব্যক্তি রাশিয়ার রাজধানী মস্কো থেকে এসেছিলেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল রাসলান ক্রাভচেঙ্কো। তিনি বলেন, ৫৮ বছর বয়সী ওই ব্যক্তি লোকজনের ওপর স্বয়ংক্রিয় এক অস্ত্র দিয়ে গুলি চালান।

Your experience on this site will be improved by allowing cookies.