ইকবাল ভাই বলেছেন, ‘ম্যাডাম, আপনিই আমাদের সিনেমার হিরো’

আহমেদ ফারুক | আপডেট: ৩০ জুলাই ২০২৬, ১২:০৬ দুপুর

আজমেরী হক বাঁধন | ছবি : বাঁধনের সৌজন্যে

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অরিজোন্তি বিভাগে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি পরিচালক রুবাইয়াত হোসেনের নতুন সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। এই ছবির অন্যতম অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন। সেই সুখবরের রেশ কাটতে না কাটতেই জানা গেল, দেশের আরেকটি নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। ছবির নাম ‘গুলশানের চামেলি’, পরিচালক মোহাম্মদ ইকবাল। ছবিতে একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করবেন বাঁধন।

prothomalo-bangla%2F2026-04-14%2Ffgqce6f4%2F67028497445393593063435155002048467059618976n.jpg?w=622&auto=format%2Ccompress&fmt=avif

আজমেরী হক বাঁধনছবি : বাঁধনের সৌজন্যে

এর আগে ‘কিল হিম’, ‘ডেড বডি’ ও ‘রিভেঞ্জ’ নির্মাণ করেছেন মোহাম্মদ ইকবাল। নতুন এই ছবির গল্প শুনে কাজটি করতে আগ্রহী হয়েছেন বাঁধন। বুধবার দুপুরে প্রথম আলোকে তিনি জানান, পরিচালকের সঙ্গে তাঁর প্রাথমিক আলোচনা হয়েছে। গল্প তাঁর ভালো লেগেছে বলেই ছবিটিতে কাজ করতে রাজি হয়েছেন। তবে এখনো আনুষ্ঠানিক চুক্তিতে স্বাক্ষর করেননি। আগস্টের প্রথম সপ্তাহে চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।
বাঁধন বলেন, ‘ছবিটিতে অভিনয়ের জন্য আমাকে যেভাবে প্রস্তাব দেওয়া হয়েছে, সেটা খুবই ভালো লেগেছে। পরিচালক ইকবাল ভাই বলেছেন, ‘ম্যাডাম, আপনিই আমাদের সিনেমার হিরো।’ শিল্পীকে সম্মান ও সম্মানীর যে বিষয়টি, সেটিই আমাকে কাজটি করতে আগ্রহী করেছে।’

prothomalo-bangla%2F2025-10-28%2F965jeo7y%2F572977510_4366564636956317_6739773058848381797_n.jpg?w=622&auto=format%2Ccompress&fmt=avif

 

আজমেরী হক বাঁধনছবি : বাঁধনের সৌজন্যে

২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে যাত্রা শুরু করেন বাঁধন। দেড় দশকের বেশি সময় ধরে নাটকের পাশাপাশি চলচ্চিত্র ও ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। ২০১০ সালে ‘নিঝুম অরণ্যে’I দিয়ে বড় পর্দায় অভিষেক হয়। আন্তর্জাতিক অঙ্গনে তাঁর সবচেয়ে বড় পরিচিতি আসে আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার মাধ্যমে। ছবিটি তাঁকে কান চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ উৎসবে নিয়ে যায়। এরপর বলিউডের ‘খুফিয়া’তে কাজ করেছেন; আর সর্বশেষ ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ যেটি জায়গা করে নিয়েছে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অরিজোন্তি বিভাগে।

prothomalo-bangla%2F2026-07-29%2Fk7a0neoz%2F57122818443670955602365588439517959510618097n.jpg?w=622&auto=format%2Ccompress&fmt=avif

আজমেরী হক বাঁধন অভিনেত্রীর ফেসবুক থেকে

নতুন সিনেমা প্রসঙ্গে বাঁধন বলেন, ‘আমি ছাড়াও ছবির অন্য অভিনয়শিল্পীরা আমার পছন্দের। তাঁদের কথা শুনে আমার মধ্যে আস্থা তৈরি হয়েছে; আর আমি তো সব সময় ‘রেহানা মরিয়ম নূর’ বা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর মতো গল্প পাব না। অভিনয় আমার পেশা। তাই আমি সব ধরনের অভিজ্ঞতা নিতে চাই। এর আগে সানি সানোয়ার ভাইয়ের ‘এশা মার্ডার’-এও তেমন অভিজ্ঞতা নিয়েছি। সব ধরনের গল্পে কাজ করার সক্ষমতা যে আমার আছে, সেটাও দেখানো উচিত। সে কারণেই ‘গুলশানের চামেলি’ করতে চাই।’

prothomalo-bangla%2F2026-04-29%2Fu04vjfkd%2F037A0021.JPG?w=622&auto=format%2Ccompress&fmt=avif

আজমেরী হক বাঁধন | ছবি: হাসান মাহমুদ

জানা গেছে, ‘গুলশানের চামেলি’ গল্পটি রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার বাস্তবতাকে ঘিরে। কেন্দ্রীয় চরিত্র একজন যৌনকর্মী, যিনি কোনো অপরাধ না করেও ক্ষমতা ও সমাজব্যবস্থার নির্মমতার শিকার হন। তাঁর জীবনসংগ্রামকে কেন্দ্র করেই এগিয়ে যাবে সিনেমার গল্প। ছবিটির আরেকটি বিশেষ দিক হলো এতে প্রচলিত অর্থে কোনো নায়ক থাকছে না। পুরো গল্পের কেন্দ্রবিন্দুতে থাকবে একজন নারী। একই চরিত্রের ইতিবাচক ও নেতিবাচক—দুই দিকই গল্পের বিভিন্ন বাঁকে উঠে আসবে। নির্মাতার পরিকল্পনা অনুযায়ী, এটি হবে একটি পূর্ণাঙ্গ নারীকেন্দ্রিক সিনেমা।

‘গুলশানের চামেলি’তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন কলকাতার মধুমিতা সরকার। বাঁধন ও মধুমিতা ছাড়া অভিনয়ের কথা রয়েছে রোজিনা, আমিন খান, আশীষ খন্দকার প্রমুখ। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরে ছবিটির শুটিং শুরু হবে।

 

Your experience on this site will be improved by allowing cookies.