সপ্তাহ শুরু হলো, কোন সূচক কোথায় আছে

আহমেদ ফারুক | আপডেট: ৯ আগস্ট ২০২৬, ১১:৩৬ দুপুর

আজ নতুন একটি সপ্তাহ শুরু হলো। সকালেই এ সপ্তাহের শেয়ারবাজারে লেনদেন শুরু হবে। আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা, ভ্রমণ ও প্রবাসী আয় আনতে ব্যাংকগুলোতে চলবে বিদেশি মুদ্রার বিনিময়।

এ ছাড়া গ্রাহকেরা ব্যাংকগুলোয় আমানত জমা রাখবেন এবং ঋণ নেবেন। আমানত ও ঋণের ওপর সুদের হার কত, তা নিয়ে তাঁদের আগ্রহ থাকবে। এ ছাড়া সোনার বাজারেও দামের ওঠানামা আছে। বাজারে কোন জিনিসের দাম কত, তা নিয়ে আগ্রহ আছে।

এবার অর্থনীতি ও বাণিজ্যের এসব সূচক ও দাম কোথায় আছে, তা দেখে নিই:

শেয়ারবাজার

গত বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইএক্স সূচকে ৩৩ পয়েন্ট কমে ৫ হাজার ৮৬১ পয়েন্টে নামে। আর ডিএসইএস সূচক ৫ পয়েন্ট কমে ১১৮০ পয়েন্ট হয়। অন্যদিকে ডিএস–৩০ সূচকও কমেছে। এ সূচক ১০ পয়েন্ট কমে ২১৯১ পয়েন্টে থেমেছে। আজ রোববার এসব সূচকের অবস্থানকে ভিত্তি ধরেই শেয়ারবাজারের লেনদেন শুরু হবে।

বিনিময় হার

কয়েক দিন ধরে ডলারের দাম ওঠানামা করছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, সর্বশেষ গত বৃহস্পতিবার ডলারের দাম ১২৩ টাকা ৮০ পয়সার মধ্যেই ছিল। ওই দিন বেশির ভাগ মুদ্রার দাম বেড়েছে। এ তালিকায় আছে ইউরো, পাউন্ড, রুপি, ইউয়ান, অস্ট্রেলীয় ডলার ও সিঙ্গাপুরি ডলার। অপরিবর্তিত আছে ইয়েনের দাম। তবে খোলাবাজারে বিদেশি মুদ্রা কিছুটা বেশি দামে বিক্রি হয়। ব্যাংকভেদেও দাম ওঠানামা করতে পারে।

সুদের হার

আজ যাঁরা ব্যাংক থেকে ঋণ নেবেন কিংবা আমানত জমা রাখবেন, তাঁরা মুনাফা কত পাবেন কিংবা ঋণের বিপরীতে কত সুদ দিতে হবে, তা নিয়ে গ্রাহকদের আগ্রহ থাকে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাবে, আজ ব্যাংক খাতে ঋণের ওপর গড় সুদহার ১১ দশমিক ৯২ শতাংশ। আর আমানতের ওপর গড় সুদের হার ৬ দশমিক ২২ শতাংশ।

তবে ব্যাংকভেদে ও স্কিমভেদে আমানতের সুদের হার ওঠানামা করে। যেমন দীর্ঘ মেয়াদে এফডিআর রাখলে তুলনামূলক সুদের হার বেশি, যা অনেক ব্যাংকে ১০ শতাংশের বেশি। আবার চলতি হিসাবের সুদের ৪–৫ শতাংশের মতো।

অন্যদিকে ব্যাংকভেদে ও ঋণের ধরনভেদে সুদের হারও ওঠানামা করে। যেমন এসএমই ঋণের সুদের হার কম, আর ব্যক্তিগত ঋণ ও শিল্পঋণের সুদের হার ১৩–১৪ শতাংশ পর্যন্ত হয়।

সোনার দর

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারেও সোনার দাম ওঠানামা করে। সর্বশেষ গতকাল শনিবার ২২ ক্যারেট অর্থাৎ ভালো মানের সোনার ভরিপ্রতি বেড়েছে ৪ হাজার ৩৭৪ টাকা। প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।

গত বৃহস্পতিবার দেশের বাজারে সোনার দাম ভরিতে ১০ হাজার টাকা বৃদ্ধির পর গত শুক্রবার প্রতি ভরি সোনার দাম কমে সর্বোচ্চ ৩ হাজার ২২৬ টাকা। এরপর গতকাল আবার বাড়ানো হলো সোনার দাম। রুপার দামও বেড়েছে।

বাজারদর

গত সপ্তাহে বাজারে ডিম ও মুরগির দাম বেড়েছে। গতকাল রাজধানীর বাজারে ব্রয়লার মুরগির দাম প্রতি কেজি ২০০ থেকে ২১০ টাকায় বিক্রি হয়েছে। আর ডিমের ডজন ১৫০ টাকা। আর পাড়া–মহল্লার দোকানে তা ১৬০ টাকায় বিক্রি হয়। আর আগের মতো শাকসবজির দামও চড়া।

Your experience on this site will be improved by allowing cookies.