সপরিবার মঞ্চনাটক দেখলেন প্রধানমন্ত্রী

John Smith | আপডেট: ১২ এপ্রিল ২০২৬, ৯:২১ সকাল

রাজধানীর বেইলি রোডে মহিলা সমিতির মিলনায়তনে মঞ্চনাটক দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

শনিবার সন্ধ্যা সাতটার দিকে মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে তাঁরা শিশুতোষ নাটক কবি চিতাবাঘ উপভোগ করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান এ তথ্য জানিয়েছেন।

মহিলা সমিতিতে অবস্থানকালে আতিকুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান বেইলি রোডে মহিলা সমিতির মিলনায়তনে তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে এসেছেন। সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রী এখানে এসেছেন। এখন তাঁরা নাটক দেখছেন।’

এদিকে প্রধানমন্ত্রী নাটক দেখতে এসেছেন—এ খবর ছড়িয়ে পড়লে মিলনায়তনে থাকা শিশু দর্শক ও অভিভাবকদের মধ্যে ভিন্ন অনুভূতির সৃষ্টি হয় বলে উল্লেখ করেন অতিরিক্ত প্রেস সচিব।

এর আগে ৩ এপ্রিল মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে রাজধানীর ধানমন্ডির জিগাতলায় সীমান্ত সম্ভার সিনেমা হলে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেদিন সন্ধ্যায় প্রজেক্ট হেইল মেরি সিনেমা দেখেন তাঁরা।

এবার বেইলি রোডে মহিলা সমিতির মিলনায়তনে হঠাৎ সরকারপ্রধানের আগমনে শিশুশিল্পীসহ দর্শকদের হকচকিত হতে দেখা যায়। কাছ থেকে প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের দেখে অনেককে আনন্দ প্রকাশ করতে দেখা যায়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে যখন মঞ্চে ওঠেন, তখন পুরো মিলনায়তনের দর্শকেরা তুমুল করতালি দিয়ে অভিনন্দন জানান। তিনি বলেন, ‘বিনোদনের জন্য নাটক দেখতে নয়, মূলত প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যরা শিশুশিল্পীদের উৎসাহ দিতেই এখানে এসেছেন। প্রধানমন্ত্রী পরে শিশুশিল্পীদের সঙ্গে ফটোসেশনেও অংশ নেন।’

Your experience on this site will be improved by allowing cookies.