পর্যটন মেলায় তিন দিনে প্রায় ১০ কোটি টাকার ব্যবসা

John Smith | আপডেট: ১২ এপ্রিল ২০২৬, ১০:২০ দুপুর

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘ঢাকা ট্রাভেল মার্ট– ২০২৬’ শীর্ষক আন্তর্জাতিক পর্যটন মেলার শেষ দিন দর্শনার্থীদের ভিড়

দেশে বিদেশি ভ্রমণকারীদের জন্য নানা অফার নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক পর্যটন মেলা। ‘ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬’ শীর্ষক এই মেলায় বিভিন্ন ট্রাভেল এজেন্সি ও ট্যুর অপারেটরসহ পর্যটন, স্বাস্থ্য ও শিক্ষা সেবা প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠান এবং দেশি–বিদেশি বিমান সংস্থা ও হোটেল-রিসোর্ট অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠান গ্রাহকদের জন্য নানা ধরনের পর্যটন প্যাকেজ ও মূল্যছাড় নিয়ে এসেছে মেলায়। পাশাপাশি ছিল বিনিয়োগের সুবিধাও।

আয়োজকেরা জানান, তিন দিনব্যাপী এই মেলায় সব মিলিয়ে ৮-১০ কোটি টাকার ব্যবসা হয়েছে। ২১তম বারের মতো আয়োজিত এই মেলায় স্বাগতিক বাংলাদেশ থেকে শুরু করে নেপাল, থাইল্যান্ড ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের মোট ৫০টির বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। সব মিলিয়ে মেলায় ৮০টির বেশি বুথে এসব প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করেছে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে মেলাটির আয়োজন করেছে দেশের ভ্রমণ ও পর্যটনবিষয়ক প্রকাশনা দ্য বাংলাদেশ মনিটর।

মেলার শেষ দিনে গতকাল শনিবার বিকেলে সরেজমিনে মেলায় গিয়ে দর্শনার্থীদের চোখে পড়ার মতো ভিড় দেখা যায়। প্রায় সব প্রতিষ্ঠানের বুথেই কর্মকর্তারা দর্শনার্থীদের সেবা দিতে ব্যস্ত সময় পার করেন।

মেলায় অংশ নেওয়া কক্সবাজারের সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা ‘পে ফর ওয়ান অ্যান্ড থ্রি নাইটস’ শীর্ষক অফার দিয়েছে। এর সঙ্গে রয়েছে এক দিনের জন্য ওয়াটার পার্ক ও রাইড ফ্রি। এসব প্যাকেজের দাম ছিল রুমভেদে ২০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত।

কক্সবাজারের আরেক হোটেল লং বিচ মেলা উপলক্ষে রুম ভাড়ার ওপর ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েছে। ছাড়ের পর দুজনের হোটেলের রুমভেদে ভাড়া দাঁড়ায় ৪ হাজার ৩০০ টাকা থেকে ৮ হাজার ১০০ টাকা।

লং বিচ হোটেলের বিক্রয় ও বিপণন প্রধান মো. ইমরান হুমায়ন খান প্রথম আলোকে বলেন, এ বছর মেলায় বুকিং কিছুটা কম হয়েছে। গত বছর তিন দিনে প্রায় ২০০টি প্যাকেজ বুকিং হয়েছিল। তবে এ বছর প্রথম দুই দিনে ৭০টির মতো বুকিং হয়েছে। শেষ দিনে গতকালও কিছু বুকিং হয়েছে। সব মিলিয়ে শ খানেক হবে।

মেলায় অংশ নেওয়া বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রা তিন দিন ও দুই রাতের জন্য কক্সবাজারের ওসেন প্যারাডাইস বিচ হোটেল ও রিসোর্ট, সায়মন বিচ রিসোর্ট ও সিগাল হোটেলসহ মোট ৮টি হোটেলে থাকা ও বিমানের টিকিট অফার করেছে। এসব প্যাকেজে জনপ্রতি মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ৫০০ টাকা থেকে ১৬ হাজার ৬৫০ টাকা।

আরেক বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইনস মেলায় অভ্যন্তরীণ ফ্লাইটে ১৫ শতাংশ ও আন্তর্জাতিক ফ্লাইটে ১২ শতাংশ ছাড় দিয়েছে। এটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বলেন, ‘মেলায় আশানুরূপ সাড়া পেয়েছি। মূলত মেলায় অংশ নেওয়ার মূল লক্ষ্য ছিল প্রচার। সরাসরি ব্যবসা নয়। এ ছাড়া দর্শনার্থীদের আগ্রহ দেখে বিদেশে নতুন রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনায় দিকনির্দেশনা পাওয়া গেছে।’

২০১২ সালে যাত্রা শুরু করা ছুটি গ্রুপও মেলায় অংশ নিয়েছে। বর্তমানে এই প্রতিষ্ঠানটির ৪টি রিসোর্ট ব্যবসা করছে। এ ছাড়া কক্সবাজার, কুয়াকাটা ও পূর্বাচলসহ মোট ৫টি রিসোর্ট তৈরির কাজ চলছে। সব মিলিয়ে এসব প্রতিষ্ঠানে ৫-১৪ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের সুযোগ অফার করা হয়। মেলা উপলক্ষে সব ধরনের বিনিয়োগে ১৫ শতাংশ ছাড় দেয় তারা।

আরেক প্রতিষ্ঠান গোল্ড স্যান্ডস গ্রুপ তাদের হোটেল, রিসোর্ট, ভবন ও জমিসহ ৮টি প্রকল্পে বিনিয়োগের সেবা নিয়ে মেলায় অংশ নিয়েছে। এসব প্রকল্পে ৬ লাখ টাকা থেকে ৩০ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করা যাবে।

গোল্ড স্যান্ডস গ্রুপের জ্যেষ্ঠ ব্যবস্থাপক সাইফুল আলম বলেন, মেলায় সব মিলিয়ে মোট ৭৫টি ইউনিটে বিনিয়োগ হয়েছে। এ ছাড়া পয়লা বৈশাখে বাংলা নববর্ষ সামনে রেখে বিনিয়োগে বিশেষ ছাড় রয়েছে।

Your experience on this site will be improved by allowing cookies.