সড়ক ও জনপথ অধিদপ্তরের ইউনিফাইড টোল সিস্টেমকে কেন্দ্র করে দেশের অন্যতম বড় দুর্নীতির অভিযোগের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি নাম—রেগনাম রিসোর্স লিমিটেড (Regnum Resource Ltd.)।
দুর্নীতি দমন কমিশনে দাখিল করা লিখিত অভিযোগে বলা হয়েছে, রেগনাম রিসোর্স লিমিটেড দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে সফটওয়্যার কারসাজির মাধ্যমে সরকারের হাজার হাজার কোটি টাকার রাজস্ব আত্মসাৎ করে আসছে।
অভিযোগে আরও বলা হয়েছে, রেগনাম রিসোর্স লিমিটেড একচেটিয়াভাবে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ টোল প্লাজার নিয়ন্ত্রণ নিয়ে কার্যক্রম পরিচালনা করছে।
অভিযোগে যেসব প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের নাম উঠে এসেছে, তারা হলেন—ওবায়দুল কাদের, শামীম ওসমান এবং মির্জা আজম। অভিযোগ অনুযায়ী, তাদের প্রত্যক্ষ আশীর্বাদ ও সহযোগিতায় রেগনাম রিসোর্স লিমিটেড সরকারি নিয়মনীতি উপেক্ষা করে একাধিক টোল আদায়ের কাজ নিজেদের নিয়ন্ত্রণে নেয়।
লিখিত চুক্তি ছাড়াই স্পর্শকাতর সফটওয়্যার পরিচালনার গুরুতর অভিযোগ
সবচেয়ে উদ্বেগজনক অভিযোগগুলোর মধ্যে অন্যতম হলো—কোন ধরনের বৈধ লিখিত চুক্তিপত্র ছাড়াই সড়ক ও জনপদ অধিদপ্তরের এই অত্যন্ত স্পর্শকাতর ইউনিফাইড টোল সিস্টেমের সফটওয়্যার পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে রেগনাম রিসোর্স লিমিটেডকে।
অভিযোগ অনুযায়ী, রাষ্ট্রীয় রাজস্বের সঙ্গে সরাসরি সম্পৃক্ত এমন একটি গুরুত্বপূর্ণ সিস্টেম কোনো স্বচ্ছ টেন্ডার প্রক্রিয়া বা লিখিত চুক্তির আওতায় না এনে একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হওয়া চরম অনিয়ম ও আইনবহির্ভূত কর্মকাণ্ডের শামিল।
সবচেয়ে গুরুতর অভিযোগ হলো, রেগনাম রিসোর্স লিমিটেড ইউনিফাইড টোল সিস্টেমের সফটওয়্যার ও ডাটাবেজকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করে প্রকৃত আয় গোপন করছে, যার ফলে প্রতিদিন বিপুল পরিমাণ সরকারি রাজস্ব গায়েব হয়ে যাচ্ছে।
অভিযোগে আরও দাবি করা হয়েছে, সংশ্লিষ্ট চক্র দেশ-বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছে এবং প্রায় পাঁচ হাজার কোটি টাকার অবৈধ সম্পদ গড়ে তুলেছে।
সীতাকুণ্ড, মানিকগঞ্জ, নেত্রকোনা, চরসিন্দুর, কুমারখালীসহ দেশের গুরুত্বপূর্ণ টোল প্লাজাগুলোতে রেগনাম রিসোর্স লিমিটেডের একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এদিকে অভিযোগকারী দাবি করেছেন, বিষয়টি দুর্নীতি দমন কমিশনের নজরে আনা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়াধীন।
সবচেয়ে উদ্বেগজনক বিষয়, একাধিকবার বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরবতা জনমনে বড় ধরনের প্রশ্ন সৃষ্টি করেছে। অভিযোগে বলা হয়েছে, প্রশাসনের প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতা ছাড়া এত বড় পরিসরের দুর্নীতি সম্ভব নয়।
অভিযোগকারী অবিলম্বে রেগনাম রিসোর্স লিমিটেড ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে উচ্চ পর্যায়ের তদন্ত, ইউনিফাইড টোল সিস্টেমের সার্ভার লগ, ডাটাবেজ ও আর্থিক লেনদেনের পূর্ণাঙ্গ অডিট এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।