কানে হেডফোন লাগিয়ে রেললাইনে হাঁটছিলেন তরুণ, ট্রেনের ধাক্কায় নিহত

John Smith | আপডেট: ১০ জুন ২০২৬, ৯:৪৮ সকাল

চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় এক তরুণ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আমিরাবাদ ইউনিয়নের নতুন বাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে এ ঘটনা ঘটে। নিহত তরুণের নাম মো. টিপু (১৮)। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং গ্রামের মো. শাহজাহানের ছেলে।

ট্রেনের ধাক্কায় তরুণ নিহত হওয়ার বিষয়টি আমিরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হোছাইন মো. সরপু প্রথম আলোকে নিশ্চিত করেছেন। ঘটনার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, ‘টিপু বিকেলে আমাদের ইউনিয়নের নিকটবর্তী সাতকানিয়ার সদর ইউনিয়নের বারদোনা শরীফ পাড়া এলাকায় নানার বাড়িতে এসেছিলেন। সন্ধ্যায় কানে হেডফোন লাগিয়ে তিনি রেললাইনে হাঁটার সময় কক্সবাজারমুখী প্রবাল এক্সপ্রেস ট্রেন তাঁকে ধাক্কা দেয়।’

ইউপি সদস্য হোছাইন মো. সরপু আরও বলেন, হেডফোনের কারণে ওই তরুণ ট্রেনের হুইসেল শুনতে পাননি। গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে রেললাইন থেকে উদ্ধার করে লোহাগাড়া ট্রমা সেন্টারে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেছেন।

লোহাগাড়া রেলওয়ে স্টেশনের মাস্টার দিদার হোসেন প্রথম আলোকে বলেন, ঘটনাটি রেলওয়ে পুলিশকে জানানো হয়। তারা এসে লাশ উদ্ধার করে। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশটি ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

Your experience on this site will be improved by allowing cookies.