ঝালকাঠিতে ছেলেকে বাঁচাতে যাওয়া বাবাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

আহমেদ ফারুক | আপডেট: ১০ আগস্ট ২০২৬, ১২:৩১ দুপুর

লাশ | প্রতীকী ছবি

ঝালকাঠির নলছিটিতে হামলার হাত থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হাতে নিহত হয়েছেন বাবা। তাঁর নাম আক্কাস খান (৫৫)। গতকাল রোববার বিকেলে উপজেলার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গোবিন্দপুর গ্রামের আক্কাস খানের ছেলে জসিম খানের সঙ্গে প্রতিবেশী সজল খানের বিরোধ চলছিল। এতে উভয় পরিবার সংঘাতে জড়িয়ে পড়ে। এর জের ধরে গতকাল রোববার বিকেলে বাড়ির সামনের রাস্তায় জসিমের ওপর সজল খান, তাঁর বাবা সেলিম খান ও ভাই শফিক খান লোকজন নিয়ে হামলা চালান।

জসিমের চিৎকার শুনে তাঁর বাবা আক্কাস খান বাঁচাতে গেলে দুজনকেই কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়। রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে স্থানীয় লোকজন প্রথমে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে আক্কাস খানের মৃত্যু হয়। ছেলে জসিম খানকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে গেছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Your experience on this site will be improved by allowing cookies.