এম অ্যান্ড জের সঙ্গে এইচএসবিসির চুক্তি

John Smith | আপডেট: ২০ এপ্রিল ২০২৬, ৫:০৮ বিকাল

তৈরি পোশাক কারখানা এম অ্যান্ড জে গ্রুপকে প্রযুক্তিগত সহায়তা দেবে বহুজাতিক ব্যাংক এইচএসবিসি। সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে এ–সংক্রান্ত চুক্তি সই হয় ছবি: এইচএসবিসি

আন্তর্জাতিক ব্যবসায়িক লেনদেনের জন্য দেশে প্রথমবারের মতো অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস বা এপিআই ইন্টিগ্রেশন সেবা চালু করতে যাচ্ছে বহুজাতিক হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) বাংলাদেশ। দেশের শীর্ষস্থানীয় তৈরি পোশাক কারখানা এম অ্যান্ড জে গ্রুপের সঙ্গে মিলে এই সেবা চালু করছে ব্যাংকটি। সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে এ–সংক্রান্ত চুক্তি হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে এইচএসবিসি বাংলাদেশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় এইচএসবিসির ম্যানেজমেন্ট কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানটিতে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠানের কৌশলগত এই সহযোগিতার মাধ্যমে এপিআই প্রযুক্তি ব্যবহার করে এম অ্যান্ড জে গ্রুপ তাদের অভ্যন্তরীণ ব্যবস্থার সঙ্গে এইচএসবিসির ট্রেড প্ল্যাটফর্মের মধ্যে নিরবচ্ছিন্ন রিয়েল-টাইম সংযোগ স্থাপন করবে। 

চুক্তি সম্পর্কে এম অ্যান্ড জে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘প্রযুক্তির মাধ্যমে পরিচালন দক্ষতা বৃদ্ধি এবং বৈশ্বিক বাণিজ্য সক্ষমতা আরও শক্তিশালী করার যে লক্ষ্য আমাদের রয়েছে, এই ইন্টিগ্রেশন তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’

এইচএসবিসি সাউথ এশিয়া, গ্লোবাল ট্রেড সলিউশন্সের প্রধান মোহিত আগারওয়াল বলেন, ‘বাংলাদেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বাণিজ্য অর্থায়নের সঙ্গে যুক্ত হওয়ার প্রক্রিয়াটি আমরা মৌলিকভাবে রূপান্তর করছি।’

এইচএসবিসি বাংলাদেশের গ্লোবাল ট্রেড সলিউশন্সের কান্ট্রি হেড আহমদ রাবিউল হাসান বলেন, ‘এই উদ্যোগ এপিআই ইন্টিগ্রেশন ট্রেড প্রক্রিয়াকে সহজ করার পাশাপাশি বাংলাদেশের বাণিজ্য ক্ষেত্রে দক্ষতা ও উদ্ভাবনের নতুন মানদণ্ড স্থাপন করবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এম অ্যান্ড জে গ্রুপের পরিচালক মাহির দাইয়ান আহমেদ।

Your experience on this site will be improved by allowing cookies.