বিশ্বকাপ ফাইনাল দেখে ভোরে বাড়ি ফেরেন যুবক, পরে মিলল ঝুলন্ত লাশ

আহমেদ ফারুক | আপডেট: ২০ জুলাই ২০২৬, ৩:২০ দুপুর

নোয়াখালীর সেনবাগে নিজ বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার কেশারপাড় ইউনিয়নের কেশারপাড় গ্রামের এ ঘটনা ঘটে। তিনি রাতে বাড়ির পাশে বড় পর্দায় খেলে দেখে ভোরে ঘরে ফেরেন।

নিহত যুবকের নাম মো. রায়হান (২৫)। তিনি সৌদিপ্রবাসী ছিলেন। প্রায় ছয় মাস আগে তিনি সেখান থেকে ফেরেন। এরপর পাঁচ মাস আগে বিয়ে করেন। সম্প্রতি তিনি আবার সৌদি আরব যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। আজ সকালে তাঁর সৌদি আরবের ভিসার অনুমোদন হয়েছে, তবে তাঁর সেখানে যাওয়া হলো না।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, রায়হানের বাড়ির পাশেই বড় পর্দায় ফুটবল খেলা দেখার আয়োজন হয়েছিল। তিনি সেখানে গিয়েছিলেন। পরে খেলা শেষে বাড়িতে ফেরেন, তবে রাতে বাইরে থাকা নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রী অভিমান করে ঘর থেকে বের হয়ে যান। এর কিছুক্ষণ পরই ঘরের বৈদ্যুতিক পাখায় ঝুলন্ত অবস্থায় রায়হানকে দেখা যায়। খবর পেয়ে বেলা ১১টার দিকে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।

পুলিশের ধারণা, স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর অভিমানে আবু রায়হান আত্মহত্যা করেছেন। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জানতে চাইলে কেশারপাড় ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডে সদস্য মো. ইব্রাহিম খলিল প্রথম আলোকে বলেন, রাতে ঘরে না ফেরা নিয়ে স্ত্রীর সঙ্গে রায়হানের ঝগড়া হয়েছিল। এর জেরে রায়হান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। দুই ভাই এক বোনের মধ্যে রায়হান ছিল সবার বড়। তাঁর বাবাও সৌদিপ্রবাসী।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহিম সরকার প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত রায়হানের লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Your experience on this site will be improved by allowing cookies.